‘আমি বাঁচতে চাই’, হাসপাতাল থেকে নায়িকা রঞ্জিতা

‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’—গানটির কথা অনেকের মনে আছে হয়তো। সাড়া জাগানো এই গানটি ছিল ‘ঢাকা ৮৬’ সিনেমার। এ সিনেমায় নায়িকা ছিলেন রঞ্জিতা।

নায়করাজ রাজ্জাক পরিচালিত এ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে নায়িকা ছিলেন তিনি। তবে সেই রঞ্জিতা এখন ভালো নেই। স্ট্রোক করায় তার বাম হাত ও বাম পা অবশ হয়ে গেছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। অসহায় জীবনযাপন করছেন তিনি।

রোববার (২ অক্টোবর) দুপুরে একটি সংবাদমাধ্যমকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, বর্তমানে প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। স্ট্রোক করায় শরীরের একপাশ অবশ হয়ে আছে। গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করার পরদিন হাসপাতালে নেয়া হয় বলেও জানান তিনি।

অভিনেত্রী রঞ্জিতা বলেন, আমি সুস্থ হতে চাই, বাঁচতে চাই। আমার আপন বলতে কেউ নেই। মা-বা নেই, এক ভাই রয়েছে। সেও প্রতিবন্ধী। আর এই চিকিৎসা প্রচুর ব্যয়বহুল। এ কারণে বেঁচে থাকার জন্য সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

রঞ্জিতা ক্যারিয়ারে ২৯টি সিনেমায় অভিনয় করেছেন। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’ ও ‘জিনের বাদশা’ সিনেমায়ও দেখা যায় তাকে।

অভিনয়ের বাইরে সিনেমা প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘কুংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ’। সর্বশেষ তাকে ‘নীল নকশা’ সিনেমায় দেখেছিলেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *