স্ত্রীকে বোন বানানো সেই আনিসুর গ্রেপ্তার

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে নিজের স্ত্রীকে বোন বানিয়ে সরকারি চাকরি সুবিধা নিতে বহুল আলোচিত সেই আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনিছুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা আমিরটারি এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের সন্তান। তিনি রংপুর বেতারের অফিস সহকারী।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, আনিসুর রহমানের নামে রংপুর আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ, আনিছুর রহমান এর আগে ২০১৪ সালে নিজের শিক্ষা সনদ এবং এনআইডি তথ্য গোপন করে ছোট ভাইকে রেলওয়েতে চাকরি নিয়ে দেন। এ সময় তিনি শিক্ষা সনদের সাথে ঠিক রেখে ছোট ভাই আজিজুল হকের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নাম পরিবর্তন করে আনিছুর রহমান করেন। বিষয়টি ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশ পেলে ২০২১ সালের জানুয়ারি মাসে নাগেশ্বরী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় জামিনে রয়েছেন দুই ভাই।

অপরদিকে নিজের স্ত্রী সোনালী খাতুনকে মুক্তিযোদ্ধা সন্তানের সুযোগ সুবিধা এবং সরকারি চাকরিতে কোটা সুবিধা নেবার জন্য নিজের বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করানোয় আবারও আলোচনায় আসেন আনিছুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *