গতকাল শুক্রবার প্রকাশের পরই ছড়িয়ে পড়ে শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে চলে আসে নামটি। এর কয়েক ঘণ্টা পর ফেসবুকের নীল সাদা দেয়ালে চোখে পড়ে শেহজাদ খন বীর নামের একটি ফ্যান পেজ।
শুরুতে এটি নেটিজেনদের কারও কাণ্ড বলে ধরে নেওয়া হয়। কিন্তু সত্য বেরিয়ে আসে বুবলীর পেজে চোখ রাখতেই। লক্ষ করা যায় এ নায়িকার ৪০ লাখ ৩০ হাজার ফলোয়ার সমৃদ্ধ পেজে তিনি ফলো করছেন শুধু একজনকে। তার অনুসরণ করা পেজটি শাকিবের দ্বিতীয় পুত্র বীরের। স্পষ্ট হয়ে ওঠে সন্তানের নামে বীরের মা বুবলীই খুলেছেন পেজটি।
তবে শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে ছেলে বীরের পেজে ফলো করা হয়নি। অবশ্য নিজের ৬০ লাখ ফলোয়ার থাকলেও সেই পেজ থেকে কাউকেই ফলো করছেন না ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ক।
আনুষ্ঠানিকভাবে বাবা-মায়ের পেজে বীরের নাম ও ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এদিনই তার পেজটি খোলা হয়েছে। এই পেজের অ্যাবাউটে লেখা হয়েছে, তার ও বাবা-মায়ের নাম।
পেজে এ পর্যন্ত তিনটি ছবি পোস্ট করা হয়েছে শেহজাদের। ছবিগুলোতে এরই মধ্যে কয়েক হাজার লাইক-কমেন্ট করেছেন নেটিজেনরা। দু-একজন নেতিবাচক মন্তব্য করলেও ছোট্ট বীরকে ঘিরে ইতিবাচক মন্তব্যই করেছেন বেশির ভাগ।
একজন লিখেছেন, শুভ ও সুন্দর হোক তোমার জীবন বীর। আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ অনেক কিউট। অনেক দোয়া ও শুভকামনা রইল।
বীরের ছবি শেয়ারও করেছেন অনেকে। ইতোমধ্যে সেই পেজটি ফলো করা হচ্ছে সাড়ে ৭ হাজার আইডি থেকে।
টানা কয়েক দিনের নানা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বীরের ছবি ও তার বাবা শাকিব খানের নাম প্রকাশ করেন নায়িকা শবনম বুবলী। এদিনই একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দেন।
জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা।
বুবলীর বীরের মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন শাকিব খান। অপু বিশ্বাসের ঘরে রয়েছে শাকিবের প্রথম সন্তান জয়।
