নজর২৪, ঢাকা- ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।
তিনি বলেছেন, সব জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বিএনপির অভিযোগের বিষয়ে এ কথা বলেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বিকেল ৪টার দিকে আমাকে যেটা জানিয়েছে, তাতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছে। ঢাকায় আনুমানিক ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছে।’
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে। বৈঠকে বিএনপি বিভিন্ন অভিযোগ করে এ নির্বাচন বাতিল ও নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে।
বৈঠকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম এবং ইসি সচিব মো. আলমগীর অংশ নেন।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট।
সিরাজগঞ্জ-১ আসনে জয় পেয়েছেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৮ ভোট।
