নজর২৪ ডেস্ক- সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য ঢাকা-১৮ আসনে এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়ী হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়। যদিও বিএনপি ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুই আসনের উপ-নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
এদিন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট।
সিরাজগঞ্জ-১ আসনে জয় পেয়েছেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৮ ভোট।
রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।
আওয়ামী-বিএনপি প্রার্থী ছাড়া এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫,৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের ২১৭টি কেন্দ্রে মোট ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর কন্ট্রোল রুম থেকে পাওয়া ফলাফলে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৮ ভোট।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, চূড়ান্ত ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৮৮ ভোট।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।
