একই অপারেটরের দুটি মোবাইল নম্বরের মধ্যে প্রতিটি কলড্রপের জন্য ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। জিপি-জিপি কলে ড্রপের কারণে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হবার কারণে গ্রাহকরা এই টকটাইম পাবেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার তাজরিবা খুরশীদ ও হেড অব এক্সটারনাল কমিউনিকেশনসের মুহাম্মদ হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। নিজেদের নেটওয়ার্কে সর্বোত্তম সেবার অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করবে গ্রামীণফোন। জিপি-জিপি কলড্রপের কারণে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হওয়ার কারণে গ্রাহকরা এ টকটাইম পাবেন।
এর আগে গ্রামীণফোন তৃতীয় কলড্রপ থেকে গ্রাহকদের টকটাইম দিয়ে আসছিল। গ্রাহকদের কলড্রপ ও টকটাইম দেওয়ার বিষয়ে সব মোবাইল নেটওয়ার্ক অপারেটরের জন্য সম্প্রতি নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর থেকে টকটাইম ফেরত দেওয়ার কথা থাকলেও, সেবার মান বৃদ্ধি এবং নিজেদের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দ্রুততার সঙ্গে কলড্রপের বিপরীতে টকটাইম সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন।
প্রথম ও দ্বিতীয় কলড্রপের জন্য ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সাত নম্বর কলড্রপের জন্য ৪০ সেকেন্ড টকটাইম ফেরত দেওয়া হবে গ্রাহকদের। এ টকটাইমের মেয়াদ হবে ১৫ দিন এবং জিপি-জিপি নেটওয়ার্কে এ টকটাইম ব্যবহার করা যাবে। প্রত্যেক কলড্রপের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জমা হওয়া টকটাইম সম্পর্কে জানানো হবে।
কলড্রপের বিপরীতে জমা হওয়া টকটাইম সম্পর্কে জানতে গ্রামীণফোন গ্রাহকদের *১২১*৭৬৫# ডায়াল করতে হবে।
