আমার এখন হিংসা হচ্ছে: ইলিয়াস কাঞ্চন

দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ঈশা খাঁ’। ছবিটিতে ঈশা খাঁর নাম ভূমিকায় অভিনয় করেছেন ডি এ তায়েব। তার বিপরীতে আছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

এটি পরিচালনা করেছেন ডায়েল রহমান। ছবিটির মুক্তি উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, বহুদিন বাংলাদেশে ঐতিহাসিক গল্পের সিনেমা তৈরি হয় না, সিনেমা মুক্তি পায় না। এবার ঐতিহাসিক গল্প নিয়ে “ঈশা খাঁ” সিনেমা মুক্তি পাচ্ছে। বাংলায় অনেক বীর ছিলেন, তাঁদের সম্পর্কে মানুষ জানতে চায়, পর্দায় দেখতে চায়। তেমন একটি চরিত্রের সিনেমা এবার দেখার সুযোগ হচ্ছে দর্শকের।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম, এ ধরনের ঐতিহাসিক গল্প নিয়ে নিজেই সিনেমা করব বা এমন গল্পের কোনো সিনেমায় অভিনয় করব। কিন্তু তার আগেই ডি এ তায়েব এ ধরনের ছবি বানালেন। তিনি আমার আগেই বানিয়ে ফেললেন। এখন আমার তো হিংসাই হচ্ছে।’

নিজের কাছেও ঐতিহাসিক গল্পের কাজ পছন্দ জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি নিয়মিতই “কুরুলুস ওসমান”, “সুলতান সুলেমান”সহ বেশ কয়েকটি টার্কিশ সিরিয়াল দেখি। দু-একটি এখন বন্ধ। না দেখতে পেরে আমার খারাপ লাগে। সুতরাং আমি মনে করি, বাংলার ঐতিহ্য, বাংলার বীরত্ব নিয়ে সিনেমা তৈরি হলে মানুষ তা দেখবে। বিষয়টি নিয়ে আমার মতো অনেকেরই আগ্রহ আছে।’

অনুষ্ঠানে হাজির হয়ে ডি এ তায়েব বলেন, ‘ঈশা খাঁ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। মুঘল আমলে বাংলার বারো ভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তাকে পর্দায় তুলে আনা সহজ কাজ নয়।

এই কঠিন কাজটিই আমাকে দিয়ে আমার পরিচালক করিয়েছেন। ছবিটি বাহুবলীর চেয়ে কোনো অংশে কম নয়। আশা করি ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *