১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা ‘দামাল’। সিনেমাটির পরিচালক রায়হান রাফী ও সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের নেতৃত্বে ‘দামাল’ টিম আজ বুধবার দুপুরে দেখা করেছেন সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে।
চ্যানেল আই কর্তৃক চ্যাম্পিয়ন ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ সিনেমার টিম।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম; সে কারণে আয়োজনে পরিচালক রায়হান রাফী, শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্তসহ অনেকে উপস্থিত হয়ে কেক কাটা-সহ হরেক আয়োজনে বীরকন্যাদের সংবর্ধনা দেন।
আয়োজনে ‘দামাল’ টিমকে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন চ্যাম্পিয়ন ফুটবলারা। সেই উচ্ছ্বাসের মধ্যমণি ছিলেন চিত্রনায়ক শরিফুল রাজ। তাঁর সঙ্গে সেলফি তোলেন বীরকন্যারা।
‘দামাল’ ছবিতে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ। তিনি বলেন, এটা ঐতিহাসিক এক ছবি। দামাল দেখলে দর্শক যেমন সারপ্রাইজ হবে, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েরা দেখলে তাদের অনেককিছু রিলেট করতে পারবে। আমি বিশ্বাস করি, দামালের মাধ্যমে আগের মতো মানুষের মধ্যে আবার ফুটবল উন্মাদনা ফিরে আসবে।
তিনি বলেন, ‘সিনেমায় আমি দেশের পতাকা তুলে ধরেছি, ওরা চ্যাম্পিয়ন হয়ে দেশের পতাকা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তাঁদের সঙ্গে সময় কাঁটাতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত।’
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন পোড়ামন ২, পরাণ খ্যাত পরিচালক রাফী।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।
