একসময় ঢালিউডের অন্যতম সেরা জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। জুটি বেঁধে তারা ৭০টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন। যার বেশির ভাগই দর্শকপ্রিয় ও ব্যবসাসফল। দীর্ঘদিন একসঙ্গে কাজের সুবাদেই তারা একে অন্যের কাছাকাছি আসেন, সম্পর্কে জড়ান। ২০০৮ সালে বিয়েও করেন।
কিন্তু দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখেন তারকা জুটি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের। গোপন রাখা হয় এ খবরও। অবশেষে ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সবকিছু প্রকাশ করেন অপু বিশ্বাস।
এ ঘটনায় শাকিব খান প্রথমে ক্ষুব্ধ হলেও পরে সব স্বীকার করেন। কিন্তু ঘটনার সাত মাসের মাথায় ২০১৭ সালের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। একপর্যায়ে দুইজন আলাদা হয়ে যান।
এরপর শাকিব ও অপুকে আর একসঙ্গে খুব একটা দেখা যায়নি। দীর্ঘদিন পরে গতকাল ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন অনুষ্ঠানে তাদের দেখা যায়। এ ঘটনায় বেশ উচ্ছ্বসিত শাকিব-অপু ভক্তরা। শুধু কী তাই! উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন গ্লামার কন্যা খ্যাত পরীমনি।
পরীমনি গতকাল মধ্যরাতে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। এতে শাকিব খান-অপু বিশ্বাসকে দেখা গেছে। ছবির ক্যাপশনে পরীমনি লিখেন, ‘সুন্দর।’
জয়কে শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘হ্যাপি বার্থডে বাবাটা।’ হ্যাশট্যাগে লিখেন- আব্রাম খান জয়।
বিশেষ দিনটিতে শুভেচ্ছায় ভেসেছেন স্টার কিড জয়। এবারের জন্মদিন ছিল তার জন্য স্পেশাল। কারণ এই প্রথমবার ছেলের জন্মদিনে একসঙ্গে ছিলেন শাকিব-অপু।
শাকিব খানের বাসায় ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আব্রাম খান জয়ের জন্মদিনের কেক কাটা হয়। এ সময় শাকিব-অপু ছাড়াও জয়ের দাদ-দাদী, ফুপু-ফুপা, ফুপাতো ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।
