Home আলোচিত অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরবো তাদের: অভিনেত্রী ভাবনা

অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরবো তাদের: অভিনেত্রী ভাবনা

0
101

কদিন আগেই ইতিহাস গড়ে ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ’ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো ফুটবলে নারীদের এই অর্জনের আনন্দ ছড়িয়ে যায় সারা দেশে।

বিশেষ করে ট্রফি নিয়ে ঢাকায় ফিরে ছাদখোলা বাসে নারীদের বিজয় উদযাপনের সেই দৃশ্য ছুঁয়ে গেছে কোটি বাঙালিকে। নারীদের ঐতিহাসিক সেই বিজয় উৎসব যেন আজো চলছে।

এরইমধ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’তে গিয়ে নারী ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সঙ্গে তিনি ‘সাফ চ্যাম্পিয়নশিপ’-জয়ের কেক কেটেছেন। আনন্দ ভাগাভাগি করেছেন। প্রাণ খুলে হেসেছেন, আবার আবেগ ছড়িয়ে জড়িয়ে ধরেছেন।

ফেসবুকে ভাবনা বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা—এর সবকিছুরই জবাব বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয়। কত বড় বড় বাধার প্রাচীর দুমড়েমুচড়ে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে হয়, সেটা সবাই জানে।

ভাবনা আরও লেখেন, ‘ক্রীড়াঙ্গনে পা ফেলতে হলে নারীদের কত দিকের কত প্রতিবন্ধকতা পার হতে হয়, সে ব্যাপারও কারও অজানা নয়। রক্ষণশীল, পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতা ভাবনাজগৎকে গ্রাস করতে থাকলে মুক্তি মেলে না। আমরা এখনও সেই মানসিকতার বিরুদ্ধে জয়ী হতে পারিনি। এ রকম পরিস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা দেশের জন্য বয়ে এনেছেন বিশাল সম্মান।’

সবশেষ এই অভিনেত্রী লেখেন, আমি অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরবো তাদের, বলবো চিৎকার করে একসঙ্গে
দাবায় রাখতে পারবা না।

প্রসঙ্গত, নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে উড়িয়ে ৩-১ গোলে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে ২১ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশে পা রাখেন নারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here