বাবারা শো অফ করে না, দেখিয়ে দেয়: শাকিব খান

সম্পর্কের লিখিত চুক্তি বাতিল হলেও থেকে যায় অদৃশ্য সংযোগ। সেই সংযোগের নাম সন্তান। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসও তাদের একমাত্র সন্তানের সুতোয় যুক্ত। যার নাম আব্রাম খান জয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আব্রামের জন্মদিন। ২০১৬ সালের এই দিনে কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন এই স্টারকিড। তার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাবা-মা দু’জনেই।

ছেলেকে লাল রঙের সাইকেল কিনে দিয়েছেন শাকিব খান। আব্রাম যখন সাইকেলে চড়ে বসলেন, তখন উচ্ছ্বসিত বাবা ছবি তুলে নিলেন। ওই ছবি পোস্ট করেই শাকিব লিখেছেন কিছু আবেগঘন কথা।

বলেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।’

শাকিব ভালোবাসার ইমোজি দিয়ে আরও লিখেছেন ‘শুভ জন্মদিন রাজকুমার’।

মা অপু বিশ্বাসও জন্মদিনে ছেলেকে নিয়ে লিখেছেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে আমার কোল আলো করে। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও মানুষের মত মানুষ হও দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য।’

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *