বাংলাদেশে কোনো ভালো কনটেন্ট তৈরি হলে কলকাতা থেকেও সেটার প্রশংসা শোনা যায়। শুধু সেখানকার দর্শক নন, বাংলাদেশি কনটেন্টের খোঁজখবর রাখেন টালিউড তারকারাও।
সম্প্রতি হইচইয়ে মুক্তি পাওয়া ‘কারাগার’ সিরিজ কিংবা তারও আগে ‘তাকদীর’ কিংবা ‘মহানগর’—এ কাজগুলোর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখে। এবার বাংলাদেশি কয়েকজন শিল্পীকে কাছে পেয়ে নিজের বাড়িতে ডেকে নিলেন টালিউডের বুম্বাদা।
কয়েক দিন আগে কলকাতায় হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান। সেখানে কলকাতার শিল্পীদের পাশাপাশি অংশ নিয়েছিলেন বাংলাদেশের অনেকেই। ছিলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি ও বৃন্দাবন দাশসহ তাঁদের দুই সন্তান অভিনয়শিল্পী দিব্য ও সৌম্য, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি প্রমুখ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দেখা হয় ওই অনুষ্ঠানে।
তারকার বাসায় ঢাকাই তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল আড্ডা। দারুণ মুহূর্ত কাটিয়েছেন তারা। আর সোশ্যাল মিডিয়ায় তা জানান দিলেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রসেনজিতের সঙ্গে পুরোনো সম্পর্ক তার।
‘মনের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ-চঞ্চল। গৌতম ঘোষের পরিচালনায় এই সিনেমায় বাউল সম্রাট লালন ফকিরের চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ। আর তার ঘনিষ্ঠ সহচর কালুয়ার চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। সেই সময় থেকেই সম্পর্ক মধুর তাদের। নিয়মিত যোগাযোগও হতো।
দীর্ঘদিন পরে পুরোনো সহকর্মীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত দু’জনই। সোশ্যালে তারই বহিঃপ্রকাশ করেছেন চঞ্চল। সেখানেই টালি নায়ককে ‘বুম্বাদা’ হিসেবে মনে করিয়ে দেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে চঞ্চল চৌধুরী লিখেছেন, “সবার সঙ্গে ছবি তোলা শেষে আমাকে বললেন, ‘চল বাবু… ‘মনের মানুষ’-এ আমরা যেমন করে গানের সঙ্গে নাচতাম, সেরকম একটা ছবি তুলি।” এরপরই লিখেছেন, “ইনিই বুম্বাদা…”।
