প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবেই দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড় পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।
এবার জানা গেল, তাম্মি নামের নতুন একটি ওয়েব ছবিতে অভিনয় করছেন দীঘি। ছবিটির প্রধান চরিত্র, পরিচালক, চিত্রগ্রাহক, লাইন প্রডিউসার থেকে কস্টিউম ডিজাইনার—সবাই নারী।
অনেক দিন থেকেই নারী অভিনয়শিল্পীদের অভিযোগ, নাটক ও সিনেমার বেশির ভাগ গল্পই পুরুষকেন্দ্রিক। ওয়েবে সম্প্রতি নারীপ্রধান কিছু কাজ হয়েছে। নারীপ্রধান কাজ আগের চেয়ে বেশি হলেও দেশে নারী কলাকুশলীর সংখ্যা এখনো কম। তাম্মিকে সেখানে ব্যতিক্রমই বলতে হবে।
নামভূমিকায় অভিনয় করেছেন দীঘি, পরিচালক ভুঁইয়া মাহিয়্যা মাহমুদা, চিত্রগ্রাহক রাওয়ান সায়মা, লাইন প্রডিউসার জ্যোতি সরকার ও কস্টিউম পরিচালক মিমিহলা চৌধুরী।
তাম্মি নিয়ে দীঘি বলেন, ‘আমরা সচরাচর দেখি, যেকোনো কনটেন্টই পুরুষকেন্দ্রিক। শুধু এখানে নয়, সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিতেই এই চিত্র। গল্পে তো আছেই, ক্যামেরার পেছনেও পুরুষের প্রাধান্য। এটা নিয়ে আমাদের মধ্যে আফসোসও ছিল। সে জায়গা থেকে বেরিয়ে এসে হঠাৎই আমরা ফিল্মটি তৈরি করেছি, যেখানে পর্দার সামনে, পেছনে দুই জায়গাতেই নারীর প্রাধান্য। বলতে পারেন, এটি আমাদের টিমের জন্য অন্য রকমের ভালো লাগার কাজ।’
এক মেয়ের বাধাবিপত্তি পেরোনোর গল্প তাম্মি। দীঘি ছাড়াও অভিনয় করেছেন সৌমিক বাগচি, শুভ্র সরখেল, নিজাম তামুর, বিজলী আহমেদ, মাসুম রেজওয়ান প্রমুখ।
