শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। ছোট্ট সেই দীঘি এখন সিনেমার নায়িকা। ব্যস্ত সময় পার করছেন শুটিং নিয়ে। শুরুর দিকে মায়ের হাত ধরে শুটিংয়ের সেটে যেতেন দীঘি।
কিন্তু ২০১১ সালে তার মা মারা যাওয়ার পর, কয়েকটি সিনেমার কাজ করেই বিরতিতে যান এই অভিনেত্রী। তবে প্রায় আট বছর পর দুই বছর আগে থেকে আবারও তিনি নিয়মিত কাজ করছেন আপন আঙিনায়।
দীঘির মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকা। ‘রাজল’ক্ষ্মী-শ্রীকান্ত’সহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। গতকাল ছিল দীঘির মায়ের জন্মদিন। বিশেষ এই দিনটিতে দোয়া ছাড়া আর কোনো আয়োজন রাখেন না দীঘি। তবে গতকাল তাকে সারপ্রাইজ দেন বারিশা হক।
রাজধানীর উত্তরায় নিতু’স বিউটি পার্লারের পূজোর ফটোশুটে অংশ নেন দীঘি। এসময় কেক নিয়ে হাজির হন বারিশা হক। বারিশা, নির্মাতা আলভী রায়হান সীমান্ত, কোরিওগ্রাফার গৌতম সাহা, নিতু’স বিউটি পার্লারের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু, লিভিং কনসেপ্টের কর্ণধার ঝলক মাহমুদ, শিশু মডেল নীভানা ফারহানকে নিয়ে মায়ের জন্মদিনের কেক কাটেন দীঘি।
এ সময় দীঘি বলেন, ‘ছোট সময় ভাবতাম একদিন অনেক বড় করে মায়ের জন্মদিনের আয়োজন করব। কিন্তু মা নেই, এখনো ভাবতে পারি না। প্রতিবার ভাবি, এদিনে মাকে স্মরণ করে কেক কাটবো। কিন্তু দিনটা যতই এগিয়ে আসে, তত মনটা ভারী হতে থাকে। দোয়ার আয়োজন ছাড়া আর কিছুতেই আগ্রহ পাই না। কেবল মায়ের নানা স্মৃতি মনের ভেতর ভাসে। অথচ মা থাকলে কত কিছু করা হতো। এখনো আমি মায়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। সুখে-দুঃখে প্রথম মায়ের কথাই মনে পড়ে। চেষ্টা করি মায়ের মতো হয়ে উঠতে। মায়ের জন্য দোয়া প্রর্থনা করছি।’
লেখাপড়ার পাশাপাশি সিনেমায় অভিনয় করে যেতে চান দীঘি। তাঁর হাতে এখন রয়েছে কয়েকটি সিনেমার কাজ।এছাড়া ওয়েবে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন দীঘি।
