শোবিজে তার পথচলা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। নৃত্যেও পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যেত তাকে। মিউজিক ভিডিওর মডেল হয়েই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের। নাটকে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি দেশের নাটকের প্রথম সারির অভিনেত্রী।
বলছি তানজিন তিশার কথা। এক দশকের ক্যারিয়ারে সাফল্য কুড়িয়েছেন অনেকখানি। দেশজুড়ে তার বিপুল ভক্ত তৈরি হয়েছে। যারা তার নাটক দেখার জন্য হুমকি খেয়ে পড়েন অন্তর্জালে। চেহারা, গ্ল্যামার সবই আছে তানজিন তিশার।
বর্তমানে বেশ কিছু একক নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর ভক্তদের আয়োজনে একটি গেট-টুগেদার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এ প্রসঙ্গে তিশা বলেন, ‘এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে আমার ভক্তদের আয়োজনে। এতদিন ধরে আমার ভক্তদের যত গ্রুপ আছে, তাদের অভিযোগ ছিল যে, আপুর সঙ্গে কেন আমাদের গেট-টুগেদার হচ্ছে না! অবশেষে তা হতে যাচ্ছে, বিষয়টি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
চলতি বছর নাটক-ওয়েব ফিল্ম মিলিয়ে ৫২টিতে কাজ করেছেন তানজিন তিশা। এর মধ্যে লোহার তরী, মানি মেশিন, এই অবেলায়, ঋণ, ঘটক, সিকিউরিটি গার্ল, প্রিয় শুভ্রা, মনোফোবিয়া, অমানুষ, লাভ ট্রিপ, ওয়েডিং ক্রাশ, নবাবী প্রেম, রিক্সা গার্ল, চিত্রা তার অপেক্ষায়, পুষ্প শুনছো?, প্রস্থান, চিংকি পিংকি উল্লেখযোগ্য।
