জনপ্রিয় গায়ক আসিফ আকবর শ্বশুর হতে চলেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) বড় ছেলে শাফকাত আসিফ রণর অ্যানগেজমেন্ট করিয়েছেন তিনি।
কনে গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতা। আগামী মাসেই রণ-ঈশিতা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
সোমবার সকালে লম্বা একটি পোস্ট দিয়ে এই সুখবরটি আসিফ শেয়ার করেছেন তার ফেসবুকের পাতায়। সেখানে ছেলে রণ এবং হবু বউমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত এই কণ্ঠশিল্পী।
ফেসবুকে আসিফ লেখেন, ‘মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপালগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ। আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে।’
গোপালগঞ্জ জেলার সঙ্গে আত্মীয়তার নতুন এ সম্পর্ক নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান এই গায়ক, ‘একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’
আসিফ জানান, ঈশিতাকে আমি ছোট্টবেলা থেকেই চিনি। ও খুব লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে ওকে পুত্রবধূ করার বাসনা ছিল। যাক অবশেষে সে বাসনা পূরণ হলো। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। ঈশিতাকে পুত্রবধূ হিসেবে পেয়ে শ্বশুররুপে আবারও কন্যা সন্তানের বাবা হলাম। সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌ’মা ঈশিতার জন্য। পড়াশোনার পাশাপাশি বর্তমানে ওরা দুজনই চাকরি করছেন।
ছেলের বিয়ের আয়োজনের জন্য আপাতত কাজ থেকেও ছুটিয়ে নিয়েছেন আসিফ। আপাতত দশ দিন কাজের বাইরে থাকবেন তিনি।
আসিফ বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম দশ দিনের জন্য। প্লিজ, ইন্ডাস্ট্রির কেউ পেমেন্ট দেয়া ব্যতীত কাজের জন্য এই সময়ে আদেশ দিবেন না।
