দীর্ঘ ৯ মাস পর দেশে ফিরে শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সম্প্রতি বার্জার পেইন্টসের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া শিগগিরই আরও কয়েকটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন এই অভিনেতা।
এদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হবে ‘মায়া’ নামের নতুন একটি চলচ্চিত্র। এটি ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। ইতোমধ্যে নায়িকাও চূড়ান্ত করা হয়েছে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে হালের সেনসেশন পুজা চেরীকে। এর আগে ‘গলুই’ চলচ্চিত্রে দেখা গেছে তাদের।
তবে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে ‘মায়া’ সিনেমার নায়িকা নাকি পরিবর্তন হচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে শাকিব খান সংবাদমাধ্যমকে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া এই সিনেমার জন্য মন্ত্রণালয় থেকে পূজা চেরির নাম দিয়েই অনুমোদন নেওয়া হয়েছে। সুতরাং নায়িকা কিংবা পরিচালক পরিবর্তন হওয়ার সুযোগ নেই।
দেশসেরা নায়ক হয়েও কেন সরকারি অনুদান লাগছে? এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। তবে এসবকে একদমই পাত্তা দেন না শাকিব খান। বরং অনুদানের যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, তা দিয়ে পুরো ছবি বানানো সম্ভব নয়, সে কথা জানালেন কিং খান।
তিনি বলেন, সরকার একটা গল্প পছন্দ করে, যাচাই-বাছাই করে অনুদান দেয়। আসলে অনুদানের টাকায় আমার এই সিনেমার কাজ শেষ হবে না। আমার ছবির বাজেট দুই কোটি। একটি ভালোমানের সিনেমা তৈরি করতে হলে বাজেট লাগবে। যারা সমালোচনা করছেন, তারা সবসময়ই এ কাজটা করে থাকেন। অনুদান পাওয়াকে আমি সম্মান মনে করি। এটা সিনেমার ক্ষেত্রে বড় সহযোগিতা। আগামীতে এর পরিমাণ আরও বাড়ানো উচিত। যারা নিয়মিত সিনেমা প্রযোজনা করেন তাদের অনুদান দেওয়া উচিত। তাহলে বাজেটের জন্য সিনেমার কাজ আটকে থাকবে না।
শোনা যাচ্ছে, আগামী মাসে আবারও আমেরিকায় যাচ্ছেন? জানতে চাইলে শাকিব খান বলেন, অক্টোবরে আমেরিকার আয়োজকরা একটি অনুষ্ঠান করতে চাইছেন। হয়তো এক সপ্তাহের জন্য যাওয়া হবে। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।
