বলিউডের সিনেমায় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমার নাম ‘খুফিয়া’। নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। সেই সিনেমায় বাঁধনের সহ-অভিনেতার নামও সবার জানা। কিন্তু সিনেমায় বাঁধনের চরিত্রটি কেমন, তা এতোদিন খোলাসা করেনি নেটফ্লিক্স, পরিচালক কিংবা বাঁধন নিজেও।
এমনকি এরআগে প্রকাশিত টিজারে বাঁধনের উপস্থিতি থাকলেও তার চরিত্র সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিলো না কারও। অবশেষে খুফিয়ায় বাঁধনের চরিত্রটির রূপ কেমন, তার কিছুটা আভাস মিললো!
শনিবার দুপুরে খুফিয়ার আরও একটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স। আর এই পুরো টিজারটিকে বাঁধনের চরিত্রের স্বরূপ উন্মোচন বলা চলে! তারচেয়ে বড় চমক হলো, বাঁধনের চরিত্রটি কাব্যময় ভাষ্যে যিনি উন্মোচন করলেন, তিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্র ও বলিউডের তারকা অভিনেত্রী টাবু!
‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু। তার মতো সুঅভিনেত্রীর ভাষ্যে নিজের চরিত্রের টিজার এভাবে প্রকাশিত হবে, জানতেন না বাঁধন।
তিনি জানান, সিনেমায় টাবুর নাম কৃষ্ণা মেহরা (কে এম)। তার মুখে অক্টোপাস বা নিজের চরিত্রের বর্ণনায় টিজার প্রকাশে উচ্ছ্বসিত বাঁধন।
তিনি বলেন, ‘টিজারে সে বর্ণনা শোনা যাচ্ছে, সেটা অক্টোপাসের। এ চরিত্রটিতে আমি অভিনয় করেছি। যদিও আমার স্ক্রিন টাইম খুবই কম, তারপরও আমি আমার চরিত্রটিকে খুবই পছন্দে করেছি।
‘আমিই সারপ্রাইজড। কারণ আমি তো জানি না ওরা কখন কোন টিজার করবে বা ছাড়বে। আমি যখন দেখলাম যে, অক্টোপাসকে বর্ণনা করে টিজার প্রকাশ করা হয়েছে, এটা তো আমার জন্য অনেক আনন্দের বিষয়।’
বিশাল ভারদ্বাজ পরিচালিত সিনেমাটি কবে মুক্তিপাবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সিনেমার প্রচার শুরু হয়েছে। কিছুদিন আগে সিনেমাটির চরিত্রগুলোর লুকের একটি টিজার প্রকাশ পায়। এবার প্রকাশ পেল টিজার।
সিনেমায় আরও অভিনয় করেছেন আলী ফজল, ওয়ামিকা গাব্বিসহ অনেকে। খুফিয়ায় বাঁধনের অভিনয় করার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের কোনো অভিনয়শিল্পী কাজ করলেন নেটফ্লিক্সের কোনো প্রোজেক্টে।





