অধিনায়কদের মধ্যে সেরা ধনী রোহিত, দ্বিতীয় সাকিব

স্পোর্টস দেস্ক: একজন ক্রিকেটার শুধু ক্রিকেটই খেলেন না। খেলার পাশাপাশি তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হন, বিজ্ঞাপনে অংশ নেন, এমনকি ব্যবসাও করেন অনেকে। অনেকে আবার খেলার পাশাপাশি পার্ট টাইম চাকুরিও করেন।

প্রায় সময়ই অনেকের মনে প্রশ্ন জাগে, ক্রিকেটারদের মোট সম্পদের পরিমাণ কেমন। কি পরিমাণ অর্থের মালিক তারা। সেই ধারাবাহিকতায় অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নেয়া ৮ দলের অধিনায়কের মোট সম্পদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ভারতীয় বিজনেস সাইট ‘বিজনেস লিগ’

তাদের প্রকাশিত প্রতিবেদনটিতে বিশ্বের দ্বিতীয় ধনী অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। প্রথম অবস্থানে রয়েছেন ভারত দলপতি রোহিত শর্মা।

রোহিতের মোট সম্পদের পরিমাণ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকা। ভারতের ও আন্তর্জাতিক ১১টি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক। আর খেলার পাশাপাশি এসকল প্রতিষ্ঠান থেকেই বিপুল পরিমাণে অর্থ পান তিনি।

তালিকার দুইয়ে থাকা সাকিবের মোট সম্পদের পরিমাণ বলা হয়েছে ২২২ কোটি টাকা। ক্রিকেটের পাশাপাশি ১২টিরও বেশি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত বাঁহাতি এই অলরাউন্ডার। পাশাপাশি রেস্তোরাঁ, স্বর্ণ, ই-কমার্সসহ বেশ কয়েকটি ব্যবসায় রয়েছে তার বিনিয়োগ। সেখান থেকেই এই অর্থ লাভ করে থাকেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

তিনে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৮১ কোটি টাকার মালিক। আছেন চার নম্বরে।

৬৫ কোটি টাকার মালিক হিসেবে পাঁচে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। পরবর্তী নামগুলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ৫০ কোটি, পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৪০ কোটি এবং আফগান অধিনায়ক মোহাম্মদ নবি ১২ কোটি টাকার মালিক বলে দাবি করছে বিজনেস লিগ।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *