সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’ দেখে খুশি নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি এ সিনেমার গল্পের বেশ প্রশংসা করলেন। বিশেষ করে প্রশংসায় ভাসালেন ‘বীরত্ব’র বীর মামনুন হাসান ইমনকে।
যিনি এই সিনেমায় একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি চিকিৎসা দেন, পাশাপাশি নারী পাচার ও মাদক কারবারিদের নির্মূল করতে জীবন বাজি রেখে কাজ করেন।
বৃহস্পতিবার রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্সে ‘বীরত্ব’র প্রিমিয়ার শো-এর আয়োজন করে নির্মাতা কর্তৃপক্ষ। সেখানে সিনেমার কলাকুশলী ইমন, নিপুণ আক্তার, জেসমিনরা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেতা কাবিলাসহ অনেকে।
এসব গুণীদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘বিশ্বসুন্দরী’র নির্মাতা চয়নিকা চৌধুরীও। অতিথিরা একসঙ্গে বসে ‘বীরত্ব’ সিনেমাটি উপভোগ করেন। এরপর সিনেমা শেষে পরিচালক সাইদুল ইসলাম রানার সঙ্গে আলাপকালে নায়ক ইমনের ভূয়সী প্রশংসা করেন চয়নিকা।
এই নারী নির্মাতা বলেন, ‘ইমন আমার সঙ্গে অনেক কাজ করেছে। এর বাইরে আমি ওর অনেক কাজ দেখেছি। তবে এই সিনেমায় (বীরত্ব) ও যে অভিনয়টা করেছে, তা ক্যারিয়ারের সেরা। ওর এক্সপ্রেশন, গেটআপ, ড্রেসআপ, গলার মডিউলেশন, ডায়লগ ডেলিভারি- সবকিছুই পারফেক্ট।’ এ সময় নির্মাতা সাইদুল ইসলাম রান্নাকে উদ্দেশ্য করে চয়নিকা বলেন, ‘এর পুরো ক্রেডিট আপনার।’
উল্লেখ্য, দেশের ৩৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও নবাগতা নিশাত নাওয়ার সালওয়া, নিপুন। এই সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হলো সালওয়ার।
সিনেমাটি প্রযোজনা করেছে পিংপং এন্টারটেইনমেন্ট। এতে আরও অভিনয় করেছেন অভিনেতা ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ।
