মেয়েকে নিয়ে বিজয় উল্লাসের সাক্ষী হলেন অভিনেত্রী বাঁধন

এ এক অভিভূত করার মতো দৃশ্য। মঙ্গলবার থেকে আলোচনার বিষয় ছিল—বিমানবন্দর থেকে কোন পথে আসবে চ্যাম্পিয়নরা। অন্য যেকোনও সময় রাজধানীতে জ্যাম এড়াতে মানুষ ভিআইপি চলাচলের রুট জানতে চান। কিন্তু এবার প্রথমবারের মতো ভিন্ন কারণে প্রশ্ন। মেয়েরা যে পথে যাবে, সে পথে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানানো হবে। এর কোনও আয়োজক নেই। যার যার ইচ্ছে থেকে, যার যার মতো করে।

মঙ্গলবারেই জানানো হয় বিমানবন্দর থেকে বনানী- মহাখালী- বিজয় সরণী হয়ে সাত রাস্তা-মগবাজার হয়ে বাফুফে যাবে মেয়েরা। সেই অনুযায়ী যার যার মতো করে দাঁড়িয়েছিলেন সবাই। ফুটবলারদের ঐতিহাসিক এই বিজয় মিছিলের সাক্ষী হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার মেয়ে সায়রা।

দুপুরে বিমানবন্দরের কাছে কাওলা ওভার ব্রিজে উঠে সাবিনাদের অভিনন্দন জানান বাঁধন। জনপ্রিয় এই অভিনেত্রী একের পর এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘আমরা এখানে এসেছি উদযাপন করতে। স্বাগতম চ্যাম্পিয়ন’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

পরে সংবাদমাধ্যমের কাছেও নিজের এই অনুভূতির কথা ব্যক্ত করে বাঁধন, ‘আমি আমার মেয়েকে নিয়ে এই আনন্দঘন মুহূর্ত দেখতে এসেছি। আমরা ব্রিজের ওপর দাঁড়ানোর কিছুক্ষণ পর বিজয়ী নারীদের ছাদখোলা বাস আনন্দ করতে করতে পার হয়। খুব কাছ থেকে আমরা মা-মেয়ে তাদের এই আনন্দ স্পর্শ করেছি। তাদের উদ্দেশে হাত নাড়িয়েছি। এমন বিজয়, এমন আনন্দ উদযাপনে থাকতে পেরে অনেক ভালো লাগছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মেয়ে জীবনে প্রথম এ ধরনের উদযাপন সরাসরি দেখেছে। আমি মনে করি আমার মেয়ের বয়সীরাও নারীদের এই সাফল্যে উজ্জীবিত হয়ে বাঁধভাঙা স্বপ্ন দেখতে পারবে। এভাবেই স্বপ্ন জয় করতে করতে বাংলাদেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে যাক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *