প্রথমবারের মতো ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ’ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেস্বর সন্ধ্যায় নেপালকে হারিয়ে অনন্য, ঐতিহাসিক এই বিজয় ছিনিয়ে আনে বাংলার বাঘিনীরা।
বুধবার দুপুরে স্বপ্নের ট্রফিটি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ীরা। ছাদখোলা বাসে চড়ে আনন্দ উল্লাস আর হৈ-হুল্লোড়ে এখন রাজধানীতে চলছে তাদের উদযাপন।
এদিকে নারী ফুটবলারদের বাস চালানোর দায়িত্ব পেয়েছেন বিআরটিসির অভিজ্ঞ চালক আবুল কালাম ও মামুন সর্দার। এই দায়িত্ব পেয়ে তারা উচ্ছ্বসিত।
আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা কল্পনাও করিনি, নারীরা বাইরে জিতে আসবে। খুব ভালো লাগছে যে তাদের বহনের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। গর্ববোধ হচ্ছে। বাসটি মহাখালী থেকে জাহাঙ্গীরগেট হয়ে যাবে বিজয় সরণি। তারপর তেজগাঁও থেকে মালিবাগ ও কাকরাইল হয়ে যাবে মতিঝিল।’
তার মতো উচ্ছ্বাসে ভাসছেন মামুন সরদারও। তিনি বলেন, ‘এখানে আসার আগে ভাবতে পারিনি, এত মানুষ থাকবে। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।’
এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে ফুল দিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।
মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধিনাক সাবিনা। এরপরই শাহজালাল বিমানবন্দরে ভিভিএইপি গেট দিয়ে ছাদখোলা বাসে চেপে বসেন সাবিনা মারিয়ার।
