পাঁচ তারকা হোটেলের রিসেপশনিস্ট থেকে রুপালি পর্দার নায়ক হয়েছেন আদর আজাদ। তবে এই গল্পটা বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মতো সংগ্রামের নয়। পড়াশোনা হোটেল ম্যানেজমেন্টে, সে কারণে ইন্টার্ন হিসেবে চার মাস এই চাকরি করেছিলেন নায়ক।
আদর আজাদ নায়ক হয়েছেন চলতি বছরেই; তাঁর প্রথম সিনেমা ‘তালাশ’। তবে প্রথম সিনেমায় সফলতা পাননি সেভাবে।
৭ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে আদর আজাদ মন্তব্য করেছেন, ‘অনেকেই বলে অভিনেতা আদর আজাদকে নাকি ভারতের দক্ষিণি সিনেমা কেজিএফের চরিত্র ইয়াশের মতো লাগে।’
অনেকের এই কথায় অবশ্য খুশি নায়ক। বলছেন, ‘কেজিএফের কথা যদি বলি, তাদের ইন্ডাস্ট্রির সবচাইতে ব্যয়বহুল সিনেমা এমনকি দুর্দান্ত ব্যবসাও করেছে। সেখান থেকে সৈকত ভাই আমাকে যে লুকটা দিয়েছে তালাশে, ওইখান থেকেই আসলে এই কথাটা শুনেছি। অনেক ভালো লাগে শুনতে। এটা তো ভালো লাগারই একটা বিষয়, তাই না?’
এই নতুন মুখ বলছেন, ‘যেদিন প্রথম গল্পটা শুনি সেদিনই মনে হয়েছে এই গল্পটা আমার ওপর ভর করেছে। তখনই মনে হয়েছে আমি মজনু হয়ে গেছি। এতো সুন্দর করে গল্পটা বলেছেন সেদিন। তখন একটা শ্যুটিংয়ে ছিলাম। তখন থেকেই মনে হচ্ছে আমি মজনু।’
সিনেমাটিতে তার বিপরীতে লাভলী চরিত্রে অভিনয় করেছেন নায়িকা মাহি।
‘যাও পাখি বলো তারে’ সিনেমায় আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, রাশেদ অপু, রেবেকা, মাহমুদুল ইসলাম প্রমুখ। কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।
