গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
তার শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটের আবাসিক সার্জন এম এম আইয়ুব হোসেন।
সকালে আইয়ুব হোসেন বলেন, রনির ২৫ শতাংশ শ্বাসনালী পুড়ে গেছে। ৭২ ঘণ্টার আগে বিছু বলা যাচ্ছে না। এই সময় পেরোনোর পর শ্বাসনালীর আসল অবস্থা বোঝা যাবে। বাকিদের অবস্থা ভালো আছে।
আইয়ুব জানান, শুক্রবার রাত থেকে হাসপাতালের জরুরি বিভাগে রনিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আজ সকাল ১০টার দিকে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।
গাজীপুর জেলা পুলিশ লাইনসে শুক্রবার বিকেলে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।
রনিকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা সাদিক আল হাসান জানান, জিএমপির বর্ষপূর্তির অনুষ্ঠানে অভিনয় করতে গিয়েছিলেন এ কৌতুক অভিনেতা। সেখানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। তখন পাশেই দাঁড়িয়ে থাকা রনিসহ অন্যরা দগ্ধ ও আহত হন।
দগ্ধদের শুরুতে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে রাতে ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুরকে।





