Home আলোচিত অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ফিরছে যাত্রাপালা

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ফিরছে যাত্রাপালা

0
107

বাংলা সংস্কৃতির অন্যতম অংশ যাত্রাপালা। একটা সময় গ্রাম-গঞ্জে নিয়মিত যাত্রাপালা দেখা যেতো। কিন্তু কালের আবর্তনে এই বিনোদন মাধ্যমটি প্রায় হারিয়ে গেছে। তবে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিটিভিতে যাত্রাপালা দেখানো হতো নিয়মিত। মাঝে করোনার কারণে বন্ধ ছিলো আয়োজনটি।

সম্প্রতি আবারও শুরু হয়েছে যাত্রাপালার প্রচার। প্রতি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জাতীয় টিভি চ্যানেলটিতে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রাদলের পরিবেশনা।

প্রায় দুই বছর বন্ধ থাকার পর নতুনভাবে শুরু হওয়া যাত্রাপালার উপস্থাপনা করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি নিজেও দীর্ঘদিন ধরে যাত্রাপালা নিয়ে কাজ করছেন।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শিকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। মানুষে মানুষে মিলনের কথাই বলে আমাদের সংস্কৃতি। দেশজ সংস্কৃতির মধ্যে রয়েছে ঐক্যের বার্তা। অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রাশিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ টেলিভিশন হারিয়ে যাওয়া এসব লোকসংস্কৃতির চর্চা এখনও ধরে রেখেছে। বিটিভি দেশের বিভিন্ন জেলার যাত্রাশিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারে চেষ্টা করছে।’

বিটিভিতে প্রচারিত এসব যাত্রাপালায় নিয়মিত অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা ইউনিট, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ আরও অনেক যাত্রাদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here