এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তামাকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেটি অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করে না। তামাকের মতো মাদকের বিরুদ্ধেও অভিযান চলছে। সর্বোচ্চ আইন করা হয়েছে। তারপরও কমানো সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ লাইনে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদক এমনই একটা ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছে, মাদক এমন একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে, আমরা কঠোর থেকে কঠোরতম হওয়ার প্রচেষ্টা নিচ্ছি, আমরা আইন সংশোধন করেছি, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করেছি, তারপরও এটা যেন কীভাবে আসে। সেজন্য আপনাদের বলছি, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখুন, আপনার ভাইয়ের প্রতি খেয়াল রাখুন।’

তিনি বলেন, ‘মাদক থেকে নতুন প্রজন্মকে যদি আমরা দূরে রাখতে না পারি, তাহলে আমাদের সব স্বপ্ন বিফল হয়ে যাবে। আমরা মাদক উৎপাদন করি না। কিন্তু, আমরা মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাচ্ছি না।’

তিনি পিতা-মাতার হত্যাকারী ঐশির কথা উল্লেখ করে মাদকের ভয়াবহতা ব্যাখ্যা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের একার বা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড আনসার, র‌্যাব দিয়ে কিংবা মাদক অধিদপ্তর দিয়ে আমরা চেষ্টা করছি। আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের জায়গায় আমরা পৌঁছাতে পারবো না।’

আমরা ডিজিটাল বাংলাদেশের দ্বারপ্রান্তে এসেছি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা সবটুকু না পারলেও প্রায় বেশির ভাগ ডিজিটালাইজেশন হয়ে গেছে। যার সুফল যেকোনো প্রত্যন্ত অঞ্চল থেকেও পাওয়া যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও আজ ইন্টারনেটে খোঁজ করছে কখন তাদের ফসল উঠবে? কেউ অসুস্থ হলে তাদের কী চিকিৎসা নিতে হবে? বাড়ি বসে থেকে তারা এই তথ্য জানতে পারছে। এটিই প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ। প্রধানমন্ত্রী তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের চেহারাটাই পালটে দিয়েছেন। ২০০৮ সালে তিনি বলেছিলেন পাল্টে দেবেন বাংলাদেশ, আজকে তিনি যথার্থভাবেই পাল্টে দিয়েছেন বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *