বাংলা ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেব: অনন্ত জলিল

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ ছবি আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে সোমবার দিবাগত রাত ২টার ফ্লাইটে ঢাকা ছাড়েন অনন্ত-বর্ষা দম্পতি।

মালয়েশিয়া পৌঁছে মঙ্গলবার সকালে নিজের অফিশিয়াল ফেসবুক থেকে লাইভেও আসেন অনন্ত, সঙ্গে ছিলেন বর্ষা। এসময় মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’র মুক্তি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি আগামীতে বাংলা ছবি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা।

অনন্ত বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই বোনেরা আছেন- সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই। এটা হলে প্রডিউসাররা আরও ইনভেস্ট করবেন। ভালো ভালো ছবি হবে। শিল্পী, কলাকুশলীরা কাজ করতে পারবেন। সারা পৃথিবীতে আমাদের ছবি ছড়িয়ে দিতে সবার প্রচেষ্টা কাম্য।

১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দিন দ্য ডে’। অনন্ত জানান, দেশটিতে পরের সপ্তাহে আরও বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মালয়েশিয়া ছাড়াও ধাপে ধাপে বিভিন্ন দেশেও ছবিটি মুক্তি পাবে বলে জানান ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই নায়ক।

প্রবাসী ভাই বোনদের জন্য আগামি আরও ছবি নির্মাণ করবেন বলেও এসময় বলেন অনন্ত। এ বিষয়ে তিনি বলেন, ‘দিন- দ্য ডে সিনেমাটির থিমটা কিন্তু প্রবাসী ভাই-বোনদের নিয়ে। সে জন্য যে দেশেই সিনেমাটি মুক্তি পাবে, সেখানে আপনাদের সঙ্গে দেখা করতে যাব। পরবর্তিতে আমার পরিকল্পনা আছে প্রবাসী ভাই-বোনদের নিয়ে সিনেমা বানাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *