বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দেশের সীমানা ছাড়িয়ে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে মন জয় করেছেন সবার। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
দীর্ঘদিন পর আবারও ছটকু আহমেদের ছবিতে অভিনয় করছেন ফেরদৌস। তার বিপরীতে রয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল তাঁরা ছটকুর নতুন সিনেমা ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এ নিয়ে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন ফেরদৌস। এসময় এক প্রশ্নের জবাবে মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আপনাকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রচারণায় দেখা যায়। ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা আছে কি না? জানতে চাইলে ফেরদৌস বলেন, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসার চিন্তাভাবনা আছে। সেটা যেকোনো সময় হতে পারে। তবে ঠিক কোন সময় রাজনীতিতে আসব, সেটা জানি না। আমার ইচ্ছা, মানুষের জন্য ভালো কিছু করা।
তিনি বলেন, আমি যে অভিনয়টা করি, এতে মানুষ বিনোদন পায়। আমি আমার জায়গা থেকে মানুষের কল্যাণের জন্য যতটা পারি করি। আরও বৃহৎ আকারে করতে গেলে সে ক্ষেত্রে আমাকে রাজনীতিতে আসতে হবে।
প্রসঙ্গত, নায়ক ফেরদৌসের পুরো নাম ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করেই জড়িয়ে পড়িয়েছিলেন মডেলিংয়ে। সেই সূত্রেই প্রবেশ করেন চলচ্চিত্রে।
অসংখ্য ব্যবসাসফল ছবির নায়ক হয়ে তিনি ইন্ডাস্ট্রি মাতিয়েছেন। কাজ করেছেন হুমায়ূন আহমেদের মতো নন্দিত নির্মাতার কিছু চলচ্চিত্রেও। সেরা অভিনেতা হিসেবে চারবার জয় করেছেন সিনেমার জন্য রাষ্ট্রের প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
