দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।
বুধবার (৭ সেপ্টেম্বর) নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির নাম ‘আহারে জীবন’। খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদের পরিচালনায় এতে তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূর্ণিমা বলেন, প্রথমত ছটকু আহমেদ একজন সিনিয়র পরিচালক, একজন নামি পরিচালক। তার অনুরোধ ফেলতে পারিনি। পরিচালকের জন্যই সিনেমাটি করছি। অবশ্যই তিনি ভালো সিনেমা বানাবেন। এরপর মিশা সওদাগর ও নায়ক ফেরদৌসও সিনেমাটি করতে বলেছেন। এজন্যই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আরও একটি কারণ আছে। তা হচ্ছে এই সিনেমার শুটিং হবে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে। গ্যাপ দিয়ে দিয়ে শুটিং করতে পারব। এসব ভেবে কাজটি করছি।
‘আহারে জীবন’ সিনেমার গল্প ও চরিত্র আপনার কতটা ভালো লেগেছে? জানতে চাইলে তিনি বলেন, নতুন সিনেমার গল্প ও চরিত্র অবশ্যই ভালো লেগেছে। সেই বিশ্বাস পরিচালকের প্রতি আমার আছে। ক্যারিয়ারের এই সময়ে এসে এসব কিছু তো প্রথম প্রায়োরিটি। কিন্তু সিনেমায় পরিচালক ও সহশিল্পীদের সম্মান করাটাও বড় বিষয়। তবে এই সিনেমা আমি বলছি না ব্যতিক্রমী বা ভিন্নধর্মী কিছু। এটুকু বলব, এটি সুন্দর গল্প। পরিচ্ছন্ন একটি গল্প।
বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, অক্টোবরে শুটিং হবে। কিন্তু চরিত্রটি নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করছি। এখনকার ব্যস্ততা নতুন সিনেমা নিয়ে।
জানা গেছে, করোনাকালীন সময়ের একটি গল্পে নির্মিত হবে সিনেমাটি। আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। এতে পূর্ণিমা-ফেরদৌস ছাড়াও থাকছেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূরসহ অনেকেই।
প্রসঙ্গত, সবশেষ ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
