প্রথম দৃশ্য করার সময় আমার হাত-পা কাঁপছিল: বাঁধন

নেটফ্লিক্সের ছবি খুফিয়াতে বিশাল ভরদ্বাজের পরিচালনায় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন, এটা পুরোনো খবর। দিন কয়েক আগে ছবিটির টিজারেও বাঁধনের ঝলক দেখা গেছে।

নতুন খবর, টিজার প্রকাশিত হলেও ছবির কাজ এখনো শেষ হয়নি। খুফিয়ার শুটিং করতে আবার মুম্বাই গিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী। শুটিং শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। টানা শুটিংয়ে সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের টাবুকে। মাস ছয়েক আগে ছবিটির শুটিং করেছিলেন দিল্লিতে, এবার হলো মুম্বাই ফিল্ম সিটিতে।

বাঁধন জানালেন, সিনেমায় তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে বেশির ভাগ দৃশ্যই টাবুর সঙ্গে। টাবুর মতো শিল্পীকে সহশিল্পী হিসেবে পেয়ে অভিভূত বাঁধন।

তিনি বলেন, ‘ওনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তাঁর মতো মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করছে।’

বাঁধন বলেন, ‘বলিউডের অন্য ১০ জন নায়িকার মতো নন টাবু। একেবারেই আলাদা, অন্যরকম ও বিনয়ী। তাকে খুব পছন্দ করি। আমাকেও তিনি খুব পছন্দ করেন। একটা ঘটনা বলি, টাবুর সঙ্গে প্রথম রিহার্সাল করার সময় ভয় পেয়েছিলাম। প্রথম দৃশ্য করার সময় সময় হাত-পা কাঁপছিল। উনি সেটা লক্ষ করেন। তারপর সহজ করে দেন। আমাকে আপন করে নেন। খুব কমফোর্ট জোনে নিয়ে যান। বড় শিল্পী বলেই বুঝেছেন একা কখনো ভালো অভিনয় করা যায় না, সহশিল্পীরও ভালো অভিনয়ের প্রয়োজন হয়।’

‘টাবুর সঙ্গে দারুণ সখ্যতা গড়ে উঠেছে আমার। তিনি আমাকে কুর্তি উপহার দিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি। শুটিংয়ে অনেকের জন্য খাবার নিয়ে আসতেন। আমার জন্যও নিয়ে আসতেন। অনেক সুন্দর সময় কেটেছে তার সান্নিধ্যে। রেহানা মরিয়ম নূর দেখে দারুণ কমেন্টস করেছেন। অনেক ভালো লেগেছে আমার,’ বলেন বাঁধন।

তিনি বলেন, ‘টিম লিডার হিসেবে বিশাল ভরদ্বাজ অসাধারণ। খুফিয়ায় শুটিং করতে গিয়ে বুঝেছি পরিচালক টিম লিডার হিসেবে শতভাগ ভালো। টাবুকে বাংলাদেশে নিমন্ত্রণ করেছি। বলেছেন সময় পেলে অবশ্যই আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *