ঢাকায় দেখা মিলছে না, গ্রামে সময় কাটছে জায়েদ খানের

ঢাকাই সিনেমার আলোচিত নাম জায়েদ খান। নানা ঘটনায় সারা বছরই বিতর্কে থাকেন এই চিত্রনায়ক। তাকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। একটি শেষ হলে নতুন আরেকটি বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা।

তবে কোনো বিতর্ককেই গায়ে মাখেন না জায়েদ খান। চলেন নিজের মর্জিতে। তার দাবি, যে গাছের ফল মিষ্টি, সে গাছে ঢিলও ছোঁড়া হয় বেশি। অর্থাৎ, যে যতটা জনপ্রিয়, তাকে নিয়ে বিতর্কও তত বেশি হয়।

এগুলো সব জায়েদ খানের বলা পুরনো কথা। নতুন কথা হলো, বেশ কিছু দিন কোনো আলোচনায় নেই এই শিল্পী নেতা। এমনকি সিনেমার শুটিং, এফডিসি কিংবা চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান, কোথাও তার দেখাও মিলছে না। তবে কোথায় জায়েদ খান, এ নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা হচ্ছে রীতিমতো।

শিল্পী সমিতির নির্বাচন ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন এফডিসিতে জায়েদ খানের পদচারণা ছিল চোখে পড়ার মতো। কিন্তু শিল্পী সমিতির নির্বাচনের পর বিজয়ী জায়েদ খানের পদের স্থিতবস্থা জারির পর থেকে এ অভিনেতা আর এফডিসিতে আসেন না।

খোঁজ নিয়ে জানা যায়, অভিনেতা জায়েদ খান তার নিজ এলাকা পিরোজপুরের মাছিমপুরে। ব্যক্তিগত কাজে বেশ কিছুদিন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। জিয়ারতের একটি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন।

বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কঁচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন তিনি।

সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়েদ খান। কিন্তু চলচ্চিত্রের অভিনেতা হওয়া সত্ত্বেও চলচ্চিত্রের শুটিং কিংবা কোনো অনুষ্ঠানে নেই তিনি।

বর্তমানে জায়েদ খান কী করছেন, এবং কোথায় আছেন বা তার সামনের কাজ নিয়ে জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *