ঢাকাই সিনেমার এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তিনি দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন। নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ নামে ওয়েব ফিল্ম এটি। তার সঙ্গে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান।
ওয়েব ফিল্মে শুটিংয়ের জন্য বর্তমানে থাইল্যান্ড অবস্থান করছেন পূজা। শুটিং করছেন বিভিন্ন দর্শনীয় লোকেশনে। সুযোগ পেলেই সেখানকার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। শুটিংয়ের ফাঁকে পূজা সেখানকার বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন এবং সেই দৃশ্য ফ্রেমে বন্দি করে শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে।
এদিকে গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে জোভান-পূজার ওয়েব ফিল্মের শুটিংয়ের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে দেখা যায়, জোভান-পূজা দুজনকে জড়িয়ে চুমু খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, সিনেম্যাটিক স্টাইলে পূজাকে ফুল দিয়ে প্রপোজ করছেন জোভান। ছবিগুলো এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই মনে করেন শুটিংয়ের আড়ালে চুটিয়ে প্রেম করছেন জোভান-পূজা।
বিষয়টি মোটেও তেমন নয় বলে জানিয়েছেন পূজা। ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকক থেকে হোয়াটসঅ্যাপে বিষয়টি সম্পর্কে পূজা সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়।’
তিনি বলেন, ‘জোভানের সঙ্গে আমার একটা রোমান্টিক দৃশ্য ছিল। সেখানে জোভান আমাকে পেছন থেকে ডাক দেবে, ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করবে। দৃশ্যটি যে জায়গায় শুটিংয়ের পরিকল্পনা ছিল, সেখানে শুটিংয়ের অনুমতি ছিল না। তাই আমরা প্ল্যান করি হিডেন ক্যামেরা দিয়ে শুট করার। সিনেমাটোগ্রাফার তাঁর মতো করে ক্যামেরা চালাবেন, আমরা আমাদের মতো কাজটা শেষ করে চলে আসব। আমরা পরিকল্পনামতোই কাজ করেছি।’
শুটিংয়ের দৃশ্যের স্থিরচিত্রকে ব্যক্তিগত ছবি মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নানা নেতিবাচক মন্তব্য করেছেন যা নিয়ে ভীষণ বিরক্ত অভিনেত্রী। তিনি বলেন, শুটিংয়ের সময় কে কোন দিক থেকে ছবি তুলে উল্টাপাল্টা কথা লিখে ছড়িয়ে দেয়, আমরা জানি না। তাকে চিনিও না। যেটা হয়নি, করিনি, সেটার দায়ভার নিতে হচ্ছে। পরিষ্কার করে বলছি, ছবিগুলো সিনেমার শুটিংয়েরই।
অনেকে প্রশ্ন তুলেছেন, শুটিংয়ের ছবিই যদি হবে, তবে পূজা ও জোভানকে মাস্ক পরা দেখা গেছে কেন? এ বিষয়টিও পরিষ্কার করেন পূজা। বলেন, ‘শুটিংয়ের ওই জায়গা ছিল সংরক্ষিত এলাকা। তাই সব সময় মাস্ক পরে থাকতে হতো। যখন রিহার্সেল করি, তখন মাস্ক পরেই করছিলাম। পরে আসল শুটের সময় মাস্ক খুলে ফেলি। এটা যে শুটিংয়ের অংশ ছিল, সেটা ওয়েব ফিল্মটা মুক্তি পেলে সবাই দেখতে পাবেন।’
