জীবনের মায়া কাটিয়ে রবিবার (৪সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি সংগীতজ্ঞ, গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। তার মরদেহ আজ সোমবার (৫সেপ্টেম্বর) দুপুরে নিয়ে আসা হয় বিএফডিসিতে। শেষবারের মতো ঘুরে গেলেন তিনি নিজের প্রিয় কর্মস্থলে।
এফডিসিতে গাজী মাজহারুলআনোয়ারকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে এসেছেন তার সহকর্মী ও প্রিয় মানুষেরা। সেই কাতারে ছিলে অভিনেত্রী অরুণা বিশ্বাসও।
কান্নাভেজা চোখে প্রযোজক সমিতির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। আর তাকিয়ে দেখছিলেন গাজী মাজহারুল আনোয়ারের নিথর হয়ে শুয়ে থাকা প্রিজন ভ্যানের দিকে।
এ সময় শ্রদ্ধা জানানো শুরু হলে এগিয়ে যায় অরুণা বিশ্বাসও। প্রিয় মানুষটিকে ফুল দিয়ে জানিয়ে আসেন শেষ শ্রদ্ধা।
পরে ক্যামেরার সামনে এসে বলেন, ‘আমি সৌভাগ্যবান। সম্ভবত আমার সিনেমার জন্যই তিনি সর্বশেষ গান লিখেছেন। আমি তার বাসায় গেলাম কিছুদিন আগেই। মেয়ের মতো আদর করে বসালেন। অনেক কথা বললেন। ‘
কথাগুলো বলেই চোখ মুছতে মুছতে একপাশে চলে যান অরুনা। ততক্ষণে জানাজার ডাক পড়ে। সবাই লাইনে দাঁড়াতে উদ্যত হয়।
শেষ শ্রদ্ধা ও জানাজায় অনেক তারকা শিল্পী, পরিচালক, প্রযোজকরা আসেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
