দেশীয় সিনেমার আঁতুড়ঘর খ্যাত এফডিসি থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। সেখানে তার দামি মোবাইলসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু ছিল।
শুক্রবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই খবরটি দিয়েছেন।
অরুণা জানান, বৃহস্পতিবার (১৮ আগস্ট) একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলেন তিনি। তখনই তার ব্যাগ চুরি হয়ে যায়। যেখানে আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পরিচয়পত্র ও বাসার চাবিসহ বিভিন্ন জিনিস ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘এফডিসির ৭ নম্বর ফ্লোরে তথমন্ত্রণালয় ও এফডিসির যৌথ আয়োজনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা অঞ্জনা আপাকে বলে পাশেই রেখেছিলাম। কথা শেষ করে দেখি ব্যাগ নেই।’
অরুণার মতে, এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণের অবাধ যাতায়াতের কারণেই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
চুরির বিষয়টি নিকটস্থ থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেছেন অরুণা বিশ্বাস। এই অভিনেত্রী বলেন, ‘আমার ব্যাগ চুরির সময় এফডিসিতে তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনারও ছিলেন। তিনি বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখছেন বলে আমাকে জানিয়েছেন। তবে যা–ই হোক না কেন, এফডিসিতে এভাবে চুরি হবে, এটা আমি মানতেই পারছি না।’
১৯৮৬ সালে রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবিতে বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ অরুণা বিশ্বাসের। আগের বছর বিটিভির নিজস্ব নাটক ‘এখানে জীবন’–এ অভিনয় করেন তিনি।
চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে ‘বহুবচন’ নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেছেন তিনি। অরুণা বিশ্বাস অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘পরশপাথর’, ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘মায়ের কান্না’, ‘গণ-আন্দোলন’ ইত্যাদি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।
