দীর্ঘ ৯ মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। গণমাধ্যমকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান।
এদিকে শাকিব খানের আগমনের খবরে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভক্ত অপেক্ষা করছিলেন। পরে প্রিয় নায়ককে ফুল ও স্লোগান দিয়ে অভ্যর্থনা জানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।
অন্যদিকে গাড়িতে ফেরার পথেও সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের অপরিহার্য এ অভিনেতা। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ভুল ইংরেজি যদি বলেন, তাহলে নেটিজেনরা তো ছেড়ে কথা বলবেন না।
শাকিব ফিরছিলেন, একজন সংবাদকর্মী মাইক্রোফোন এগিয়ে দিয়ে তাঁর দেশে ফেরার অনুভূতি জানতে চান। এ সময় শাকিব গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলেন, ‘আমি খুব এক্সাইটমেন্ট। ’
এই ভুল ইংরেজি নেটিজেনরা মানতে পারছেন না। এই অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমতো সমালোচনা করছেন শাকিবের। তাদের প্রশ্ন, এত দিন ধরে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ভুল ইংরেজি?
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। সে দেশে নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস ছিলেন। এর মধ্যে নিউ ইয়র্ক থেকেই তিনি ‘রাজকুমার’ নামে নতুন সিনেমার ঘোষণা দেন।
