Home বিনোদন শাকিব ফিরলেন দেশে, ভারতে গেলেন অপু বিশ্বাস

শাকিব ফিরলেন দেশে, ভারতে গেলেন অপু বিশ্বাস

0
130

টানা নয় মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। আজ বুধবার (১৭ আগস্ট) বেলা ১২ টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় তাকে ফুল ও স্লোগান দিয়ে অভ্যর্থনা জানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।

এদিকে শাকিব খান যখন দেশে পা রাখলেন, তখন বিমানবন্দরে দেখা গেল তার সাবেক স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তবে কি শাকিবকে বরণ করে নিতে গেছেন তিনি? না, আসলে অপু যাচ্ছেন কলকাতায়।

আজ বুধবার দুপুরেই তিনি মমতা ব্যানার্জির শহরে উড়াল দিয়েছেন। এ কারণেই তাকে বিমানবন্দরে দেখা গেছে।

কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। এটিই অপুর প্রথম টলিউড সিনেমা। এই সিনেমার প্রচারণার জন্যই কলকাতায় গেছেন নায়িকা।

বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘ওপার বাংলার ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরবো। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে।’

‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। খুব শিগগির মুক্তি পাবে অপুর এই সিনেমা। জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here