সাংবাদিকতাকেই ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নিচ্ছেন অভিনেত্রী দীঘি? এমন প্রশ্ন ভক্তদের মাঝে। যদিও পূর্বের একাধিক সাক্ষাৎকারে দীঘি বলেছিলেন, তিনি আর্কিটেক্ট হতে চান। সে পথেই হাঁটার কথা ছিল।
দীঘি সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর স্থপতি হিসেবে নিজেকে তৈরি করার পথেই হাঁটার কথা ছিল। কিন্তু হুট করেই সে সিদ্ধান্ত বদল করে সাংবাদিক হওয়ার পথে হাঁটতে শুরু করলেন প্রার্থনা ফারদীন দীঘি।
‘চাচ্চু’খ্যাত অভিনয়শিল্পী দীঘি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ব্যাচেলরে ভর্তি হয়েছেন। বিষয়টি নিজেই ফেসবুকে জানান দিলেন।
মঙ্গলবার গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘আজকেই ভর্তি হয়েছি।’
সাংবাদিকতায় ভর্তি হওয়ার কারণ জানিয়ে বলেন, এ বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো ততো বেশি উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার ব্যাপার। ভবিষ্যতে সাংবাদিক হতে চাইলে তখনও করতে পারবো।
দীঘি মনে করেন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে গ্রাজুয়েশন করতে পারা তার জন্য পরিপূর্ণ। তিনি বলেন, বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। সে কারণে তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন আমার খুশিতে খুশি হয়েছেন।
এর আগে চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন দীঘি।
প্রসঙ্গত, নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।
