রাজ-পরীর সন্তানকে দেখতে গেলেন উকিল বাবা

পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সোমবার (১৫ আগস্ট) রাজ-পরীর ছেলেকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান নির্মাতা রেদওয়ান রনি। যিনি রাজ-পরীর উকিল বাবা।

রেদওয়ান রনি পরী-রাজের সঙ্গে হাসপাতালে তোলা কয়েকটি হাস্যজ্জল ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘রাজ্যের ভালোবাসায় সিক্ত হও রাজ-পরী’।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি এবং বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১০১ টাকা।

এদিকে প্রথম সন্তানের আগমনের আনন্দে এখনো বুঁদ হয়ে আছেন অভিনেত্রী। এখনও বিশ্বাস হচ্ছে না তার সন্তান পৃথিবীতে এসেছে। এ প্রসঙ্গে রাজ্যর বাবা অভিনেতা শরিফুল রাজ একটি গণমাধ্যমকে জানান, ‘পরীমণি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনও বিশ্বাস হচ্ছে না, সে মা হয়েছে। তার মনে হয়, স্বপ্ন দেখছে।’

সন্তান জন্মের পর তার সঙ্গে পরীর প্রথম কী কথা হয়েছিল সে প্রসঙ্গে রাজ বলেন, ‘হাসিমাখা মুখে আমাকে তার (পরী) প্রথম কথা ছিল, এতদিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *