স্মার্টফোন কিনতে সুদহীন ঋণ পাচ্ছেন কুবির ৬৩৪ শিক্ষার্থী

রফিক উদ্দিন, কুবি প্রতিনিধি: অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে ফেরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুদহীন ঋণ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬৩৪ জন শিক্ষার্থী।

 

দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১,৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন ক্রয়ের জন্য জনপ্রতি সর্বোচ্চ ৮,০০০ টাকা প্রদান করা হবে। আগামী ৩১ জানুয়ারির ২০২১-এর মধ্যে এ বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এই ঋণের টাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবে।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের (ভারপ্রাপ্ত) এ বিষয়ে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের বিভাগীয় প্রধানের স্বাক্ষর সম্বলিত ৬৩৪ জন অসচ্ছল শিক্ষার্থীর যে তালিকা আমরা ইউজিসিতে পাঠিয়েছি তারা সকলেই সুদহীন ঋণ পাবে।’

 

সুদহীন ঋণ দেয়া ছাড়াও শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট প্রদানের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে কুবি প্রশাসন। কুবি রেজিস্ট্রার এ বিষয়ে বলেন, ‘আমাদের কাছে গ্রামীণফোন ও রবি তাদের অফার নিয়ে এসেছিলো। আগামী ২২ তারিখের ফিন্যান্স কমিটির মিটিংয়ে এই দুই কোম্পানির মধ্যে একটিকে চূড়ান্ত করবো।’

 

প্রসঙ্গত, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে আয়োজিত বুধবার (০৪ নভেম্বর) এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *