ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। দুই যুগেরও বেশি সময় ধরে রুপালি জগতে তার পথচলা। তার অভিনীত অসংখ্য ব্যবসাসফল সিনেমা এখনো দর্শক মনে গেঁথে আছে।
১৯৬৯ সালের ৬ মে জন্মগ্রহণ করেন ওমর সানী। তার জন্ম, শৈশব, কৈশোর কেটেছে পুরাণ ঢাকার জিঞ্জিরা এবং কালীগঞ্জে। কিন্তু তার বাবার পৈতৃক নিবাস বরিশালের গৌরনদী উপজেলার মহিশা শরিকল গ্রামে। গত ১৩ আগস্ট বাবার বংশের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে মহিশা শরিকল গ্রামে ছুটে গিয়েছিলেন ওমর সানী।
সেখানে বসবাসরত আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটান ওমর সানী। আর এ মুহূর্ত ফ্রেমবন্দি করতেও ভুল করেননি। তারই কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেতা।
এদিকে নাড়ির টানে বাবার ভিটায় গিয়ে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন ওমর সানী।
এ বিষয়ে ওমর সানী বলেন, ‘বাবার দেশ, বংশ, আত্মীয় বলে কথা। সবকিছু মিলিয়ে আমার সফর সঙ্গী হয়েছিলেন ‘ওমর সানী ফ্যান ক্লাব’-এর প্রেসিডেন্ট কিরন খান, সেক্রেটারি এস কে সুমন সাংগঠনিক সম্পাদক জাহিদী, আর হীরা।’
আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিদায় নেওয়া কষ্টের। তা উল্লেখ করে ওমর সানী বলেন, ‘বংশের মানুষের কাছ থেকে চলে আসাটা অনেক কষ্টের। বড় দাদা, চাচার কবর জিয়ারত করলাম। অনেকেই আছেন অনেকেই নেই- এইভাবেই জীবন বয়ে যায়। একদিন আমিও থাকব না, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’
