কথায় নয়, আমি কাজ দিয়ে প্রমাণ করেছি: নিপুণ

দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

জানা গেছে, সিনেমায় গ্রামীণ লুকে দেখো যাবে ফেরদৌস-নিপুণকে। ইতোমধ্যে সিনেমার শুটিংও শুরু হয়েছে। এতে গ্রামীণ দৃশ্য তুলে ধরে রাজধানীর নিকটস্থ অঞ্চলেই শুটিং হচ্ছে।

‘সুজন মাঝি’ সিনেমার শুটিং সেট থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের পর অভিনেতা জায়েদ খানের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে কথা বলেছেন নিপুণ। সম্প্রতি তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে।

শুক্রবার (১২ আগস্ট) ভোরে ফেসবুকে নিপুণের পুরনো একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ভিডিওটি মূলত ‘সুজন মাঝি’ সিনেমার শুটিং সেট থেকে নেয়া। এতে জায়েদ খানের বিষয়ে কথা বলেন অভিনেত্রী নিপুণ। আর পুরনো সেই ভিডিওটিই নতুন করে পোস্ট করায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রী নিপুণ বলেন, “আমি সব সময় কি করেছি, কাজ দিয়ে সেটা আদায় করার চেষ্টা করেছি। নির্বাচন থেকে যখন আমি চ্যালেঞ্জ করেছি, আমি কিন্তু কথা দিয়ে না, আমার কাছে প্রমাণপত্র ছিল, কিছু কাগজ ছিল আমি সেগুলো দিয়েছি আপিল বিভাগে। আপিল বিভাগ সেই সব পেয়েছে।”

তিনি বলেন, “তো কথা দিয়ে তো কিছু হবে না, কাজ দিয়ে সেটা প্রমাণ করতে হবে। আমার মনে হয় আমি কাজ দিয়ে সেটা প্রমাণ করেছি।”

এছাড়া নির্লজ্জ মন্তব্যের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “এখন আমি বলব যে, দর্শকের কি তাই মনে হয় আমি নির্লজ্জ? আমি যেটা করছি, আদালত যে রায় দিচ্ছে, আমরা কিন্তু সেগুলো মেনেই কাজ করছি। তার সঙ্গে সঙ্গে আমি কি করছি, আমি যেহেতু শিল্পী। আমি কিন্তু আবার আমার ট্র্যাকে চলে এসেছি, আবার কাজ করছি। আমার কমিটির সবাই কাজ করছে। তাহলে সেই জায়গা থেকে নির্লজ্জ আসলে কে, আপনারাই বুঝে নেন।”

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রাথমিক ফলাফলে বিজয়ী হন জায়েদ খান। এরপর নিপুণ আপিল করেন। আপিলেও জয় পান জায়েদ।

পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন নিপুণ। ধীরে ধীরে বিষয়টি নিয়ে জটিলতা বাড়তে থাকে এবং আদালত পর্যন্ত গড়ায়। পদটি নিয়ে এখন অব্দি আদালতের কোনো চূড়ান্ত রায় আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *