Home আলোচিত বিমানবন্দরে শাকিব খানকে স্বাগত জানাবেন ভক্তরা

বিমানবন্দরে শাকিব খানকে স্বাগত জানাবেন ভক্তরা

0
107

শাকিব খান দেশে নেই প্রায় নয় মাস। অনুরাগীদের কাছে এই সময়টা যেন নয় বছরের মতো দীর্ঘ। প্রিয় নায়কের দেশে ফেরার অপেক্ষায় তার কোটি ভক্ত। যদিও কয়েকবার দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন কিং খান। কিন্তু ব্যক্তিগত কিছু কাজ থাকায় দেশে ফেরা হয়নি তার। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ আগস্ট সকাল ১১টায় ঢাকার মাটিতে পা রাখবেন ঢালিউড ভাইজান। এই নিশ্চয়তায় অনুরাগীরা খুশির জোয়ারে ভাসছেন। আর তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাকিবকে স্বাগত জানাতে হাজির থাকবেন তারা। ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন ভালোবাসার নায়ককে।

শাকিবের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সবাইকে নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা তাতে সাড়াও দিচ্ছেন আন্তরিকভাবে। জানাচ্ছেন, ঠিক সময়ে পৌঁছে যাবেন সেখানে।

গত বছর ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব খান। একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউডের মেগাতারকা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন আর দেশে ফেরা হয়নি বলে জানান তিনি। জানা যায়, শাকিব খানের গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় গত ২৯ জুলাই।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে শাকিব তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে।

জানা যায়, দেশে ফিরে শাকিব খান তার পরিবারকে সময় দেবেন। প্রস্তুতি নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) থেকে সরকারি অনুদান পাওয়া ‘মায়া’ (সম্ভাব্য নাম) নামে নতুন ছবির শুটিং শুরু করবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here