ক্যারিয়ার শুরু নাচের মাধ্যমে। কিন্তু নাচের চেয়েও অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। সোহানা সাবা ২০০৬ সালে কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এরপর খেলাঘর, চন্দ্রগ্রহণের মতো সিনেমায় নিজের অভিনয় দিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
বর্তমানে অভিনয়ে এখন খুব বেশি একটা নিয়মিত না হলেও একেবারে ছেড়েও দেননি। বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। অভিনয়ের মাধ্যমেই তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে বেশ চর্চা। সেই চর্চার বিষয় হচ্ছে তিনি বিয়ে করেছিলেন নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে। তবে সেই সংসার টেকেনি। বর্তমানে ছেলে সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই রয়েছেন তিনি।
কিন্তু এই সিঙ্গেল জীবন আর কতদিন? আর কি বিয়ে করবেন না—এ প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাকে। এতদিন এ প্রশ্ন এড়িয়ে গেলেও এবার নিজ থেকেই এ প্রশ্নের উত্তর জানিয়েছেন সোহানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাসে বিয়ে করবেন বলে জানিয়েছেন সোহানা।
এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল সংবাদমাধ্যমকে সোহানা বলেন, বিয়েটা জীবনের জন্য বড় বিষয়। এ বিষয়ে আমার প্রথম কথা- আমি বিয়ে করব। কালকেই করব তা বলিনি। বিয়ে করলে এমন কাউকে করব, যে আমাকে বুঝবে, আমিও তাকে বুঝব। বোঝাপড়াটা ভালো হতে হবে। তেমন কাউকে পেলে তখন সিদ্ধান্ত নেব।
বেশির ভাগ সময়ই বিদেশে থাকেন, বিদেশ ভ্রমণ কেমন উপভোগ করেন? এ অভিনেত্রী বলেন, সত্যি কথা বলতে, দেশের ইতিহাস আমাকে খুব টানে। আমি শুধু ঘুরে বেড়াই না, ওই দেশের ইতিহাসও জেনে নিই। শুটিংয়ের সুবাদে অনেক দেশ ঘুরেছি। আবার আমার নিজের দেশটাও অনেক সুন্দর। নিজের দেশেও ঘুরেছি। মিসরে গিয়েছি একবার। মালদ্বীপে একবার। আরও অনেক দেশে গেছি। সামনে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে। আমি দুনিয়া দেখতে চাই। দেখুন, কেউ টাকা জমায়, কেউ সম্পদ করে, নানারকম শখ মানুষের। আমার শখ ঘুরে বেড়ানো।





