ঢাকাই সিনেমার অগ্নিকন্যাখ্যাত অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ করেছেন সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস।
মাহি শুটিংয়ের সময় শিল্পীসুলভ আচরণ করেননি। মূলত শুটিংবয় নারকেল তেল দেরিতে দেয়ায় মাহি এ ঘটনা ঘটান। এমনকি সিনেমাটি দ্রুত শেষ করতে কোনো সহযোগিতা করেননি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রযোজক। সংবাদ সম্মেলনে প্রযোজক জানান, সিনেমাটির শুটিং শেষ করার জন্যই সবকিছু তিনি মুখ বুঝে সহ্য করেছেন।
জেনিফার বলেন— ‘করোনার সময়ে শুটিং করা কতটা কঠিন ছিল তা আপনারা সবাই জানেন। ওই সময়ে অনেক কলাকুশলীর অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। ওই সময়ে শুটিং করছিলাম। আমার সহকারী হিসেবে একটি ছেলে ছিল। কিন্তু মাহির কারণে ওই ছেলেকে শুটিং থেকে বাদ দিতে হয়। পরে কাঁদতে কাঁদতে সেট থেকে বেরিয়ে যায় ছেলেটি।’
শুটিং বয়কে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে জেনিফার বলেন, ‘আমার সিনেমার নায়িকা সম্ভবত নারকেল তেল চেয়েছিল। ওই সময়ে ছেলেটি আমার মাথায় ছাতা ধরেছিল। যার কারণে নায়িকাকে তেল দিতে দেরি হয়। এতে মাহি বেঁকে বসে। ওই ছেলেকে বাদ না দিলে মাহি শুটিং করবে না বলে জানায়। পরে বাধ্য হয়ে ছেলেটিকে বাদ দিই।’
এ বিষয়ে মাহির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? এ প্রশ্নের উত্তরে এই প্রযোজক বলেন, ‘সিনেমার শুটিং শেষ করাটা জরুরি ছিল; এজন্য যারা সেটে উল্টাপাল্টা করেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। বরং সিনেমার স্বার্থে সবকিছু মেনে নিয়েছি। কাউকে নালিশ করিনি; এখনো নালিশ করছি না। আপনারা প্রসঙ্গটি সামনে আনার কারণে কথাগুলো বলছি।’
আগামী ১৯ আগস্ট ‘আশীর্বাদ’ সিনেমাটি মুক্তি পাবে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে আছেন জিয়াউল রোশান। মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নায়ক-নায়িকা কেউই সিনেমাটির প্রচারণায় অংশ নিচ্ছেন না। এমনকি ফেসবুকেও সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না।
এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন প্রযোজক জেনিফার ফেরদৌস। সেই ক্ষোভ থেকে সিনেমার সংবাদ সম্মেলনেও মাহি-রোশানকে ডাকেননি তিনি। জেনিফার বলেন, ‘নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই।’
সংবাদ সম্মেলনে না ডাকার বিষয়ে জেনিফার বলেন, ‘আমি এই কনফারেন্স করেছি আমার সিনেমার প্রচারের জন্য, নায়ক-নায়িকার প্রচারণার জন্য আমি রাস্তায় নামিনি। এটা আমাদের অনুদানের সিনেমা। এটা আমার প্রথম সিনেমা, সংবাদ সম্মেলন করছি মূলত পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এখানে মাহি বা রোশানের প্রচারণা করতে আসিনি।’
‘আশীর্বাদ’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।
এদিকে প্রযোজকের এই অভিযোগের বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির মোবাইল ফোনে রিং করলেও তিনি রিসিভ করেননি।
