বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘একটি পক্ষ থেকে এমন প্যানিক ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে।
সুইজারল্যান্ডের কাছে অর্থ পাচারকারীদের তথ্য আবারও চাওয়া হবে কি না, এর জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়, তাদের কাছে তথ্য চাওয়া হলে তারা তথ্য দিতে চায় না। এটা তাদের মজ্জাগত সমস্যা।’
তিনি বলেন, অতীতে ৬৭ জনের নাম উল্লেখ চিঠি দিয়ে তাদের অর্থের তথ্য চায় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। কিন্তু সুইস ব্যাংক সে সময় কেবল একজনের তথ্য দিয়েছিলো। আরও কয়েকবার তথ্য চাওয়া হলেও তাদের রাষ্ট্রদূত বলেছেন, তথ্য চাওয়া হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের বন্ধু দেশ। তাই তথ্য বিভ্রাট না করার জন্য তাদের আহ্বান জানাই।
মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে এ বিমানবন্দরে উন্নয়নকাজ করা হচ্ছে। এরইমধ্যে রানওয়ে সম্প্রসারণ করাসহ আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নতুন টার্মিনাল ভবনের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে।
