‘হাওয়া’র টিকিট নাই, তাই লুকিয়েছি: চঞ্চল চৌধুরী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই গানে গানে আলোচিত এই সিনেমা এখন প্রেক্ষাগৃহগুলোতে হাউজফুল যাচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও।

বুধবার (১০ আগস্ট) বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। যেটি ‘হাওয়া’র চরিত্র চান মাঝির। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাওয়া’র টিকিট নাই, তাই লুকিয়েছি।

চঞ্চল চৌধুরীর সেই পোস্টে ফোক সম্রাজ্ঞী মমতাজ লিখেছেন, আমার বাসার পাশে এসকেএসে সেদিন পরিবারের সবাইকে নিয়ে দেখে এসেছি হাওয়া। অবশ্য সাথে একটা শীতল পাটি নিয়ে গিয়েছিলাম।

নাজিফা তুষি লেখেন, আমার চান মাঝি। তাদের প্রত্যেকের মন্তব্যের জবাবে হাসির ইমোজি দিয়েছেন চঞ্চল চৌধুরী।

মেজবাউর রহমান সুমন পরিচালিত মিস্ট্রি, ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে ‘সাদা সাদা কালা কালা’ গানটির জন্য। দর্শক সিনেমাটি দেখার জন্য মুখিয়ে ছিলেন এবং মুক্তির পরই তারা প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়েন। তবে হাওয়া পরিবর্তন হতে খুব বেশি সময় লাগেনি। আলোচনার পাশাপাশি সমালোচনায় জড়িয়ে পড়ে ‘হাওয়া’।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

অন্যদিকে, দেশের মানুষের মন জয় করে এবার ‘হাওয়া’ সিনেমাটি যাচ্ছে বিদেশে। প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড’র ব্যানারে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এবার প্রদর্শিত হবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *