‘সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে’- আক্ষরিক অর্থে যেন তার জন্যই এই গান। কারণ ক্যালেন্ডারের পাতা বদলের সঙ্গে সঙ্গে সবার রূপ-যৌবনে ভাটা পড়ে, কিন্তু তার ক্ষেত্রে সেই চিরায়ত নিয়ম একটু ব্যতিক্রম। কেননা বয়সের সংখ্যা বৃদ্ধি পেলেও তার রূপ-লাবণ্য ক্রমশ বেড়েই যাচ্ছে! যেন কোনো জাদুকরী উপায়ে বয়সটাকে আটকে রেখেছেন তিনি।
আর অভিনয়ের প্রসঙ্গ যদি আসে, তাহলে তিনি হয়ে ওঠেন এ প্রজন্মের আদর্শ। নিপুণ অভিনয়ের কারুকাজে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দর্শকদের মাতিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
হ্যা, তিনি জয়া আহসান। বর্ণিল অভিনয় জীবনে তিনি ঝলমলে দ্যুতিতে সমৃদ্ধ করেছেন দেশের সিনেমা অঙ্গন। উজ্জ্বল করেছেন ভাবমূর্তি।
এদিকে সিনে ব্যস্ততার বাইরে সোশ্যাল মিডিয়ায়ও থাকে জয়ার সরব উপস্থিতি। প্রায়শই নতুন নতুন ছবি শেয়ার করেন। কখনো কখনো ছড়িয়ে দেন শরীরী আবেদনে ভরা খোলামেলা ছবি। আর তা দেখে মুহূর্তেই ঝড় ওঠে ভক্তদের মনে।
বুধবার (১০ আগস্ট) একটি ক্যামেরা শেলফের সামনে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করেছেন গুণী এই অভিনেত্রীর। তার পরনে রয়েছে সবুজ টপ ও সাদার ওপর সবুজ প্রিন্টের প্যান্ট। কাঁধে ঝুলছে বাক্সের মতো লাল রঙের একটি ব্যাগ।
ছবিটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘জীবনটা ক্যামেরার মতো; যেটা গুরুত্বপূর্ণ, সেটার ওপর ফোকাস করো, ভালো সময়টা ধারণ করো, নেতিবাচকতা থেকে উন্নতি করো। এবং যদি বিষয়টা কাজ না করে, তাহলে আরেকটা শট নাও।’
কথাগুলো অবশ্য জয়ার নয়। ইন্টারনেটে এই উক্তিটি বহুল প্রচলিত। একটি সাইটের তথ্য অনুসারে, কথাটি বলেছেন মার্কিন লেখক ও উদ্যোক্তা জিয়াদ আব্দেলনুর।
