শুধু মুখ দেখানোর জন্য অভিনয় করতে ইচ্ছা করে না: রিয়াজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ এখন সিনেমায় অনিয়মিত। তবে মাঝেমধ্যে তাকে নাটকে দেখা যায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার। সমসাময়িক বিষয়ে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন তিনি।

রিয়াজ বলেন, ‘অপারেশন সুন্দরবন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সেটির মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রচারণার কাজে সম্প্রতি কক্সবাজার গিয়েছিলাম। সেখানে এর ট্রেলার উন্মোচন হলো। ঢাকার বাইরে একটি ছবির ট্রেলার উন্মোচনের বিষয়টি বেশ নতুন আমাদের দেশে। এভাবেই নানা আইডিয়ার মাধ্যমে আমাদের ছবিকে দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই তারা সিনেমা হলে এসে ছবি দেখার ব্যাপারে আগ্রহী হবেন।

‘অপারেশন সুন্দরবন’-এর টিমের পক্ষ থেকে সামনে আরও কিছু কর্মকান্ড আছে। ছবিটি মূলত র‌্যাবের কৌশলী এক অপারেশনকে কেন্দ্র করে। আমি একজন র‌্যাব অফিসারের চরিত্রে অভিনয় করেছি। সিনেমায় প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করেছি। দীপংকর দীপন পরিচালিত ছবিটিতে আরও আছেন সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিকসহ অনেক তারকাশিল্পী। ট্রেলার প্রকাশের পর সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। গল্প এবং অন্যান্য কারণে সিনেমাটি দর্শকের পছন্দ হবে বলে মনে করছি।

নাটকে অভিনয় নিয়ে রিয়াজ বলেন, ভালো গল্পের নাটকের প্রস্তাব পেলে হঠাৎ অভিনয় করি। যেমন গত ঈদে ‘বরফগলা গরম’ নামের একটি একখন্ডের নাটকে অভিনয় করেছিলাম। এটি চ্যানেল আইতে প্রচার হয়েছে। তবে এখন আর শুধু মুখ দেখানোর জন্য অভিনয় করতে ইচ্ছা করে না। অনেকে বলেন, এভাবে যদি কাজ থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে এক সময় নির্মাতারা আর আমার কাছে প্রস্তাবই পাঠাবেন না।

তবে এ নিয়ে আমার আলাদা করে চিন্তা নেই। দীর্ঘ সময় ধরে একটু একটু করে নিজেকে অভিনয়শিল্পী হিসেবে তৈরি করেছি। আমার আজকের অবস্থানে আসার পেছনে দর্শকের অবদান সবচেয়ে বেশি। তারা যেন আমার গড়পড়তা অভিনয় দেখে বিব্রত না হন, সেই চিন্তাই করি সব সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *