প্রথমবারের মতো মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। এ নিয়ে তার ভক্ত-অনুসারীরা যতটা না উচ্ছ্বসিত, তার উচ্ছ্বাস এর চেয়ে অনেক বেশি। অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কেনাকাটা করে বাসা প্রায় ভর্তি করে ফেলছেন। কোনো কিছুরই খামতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন তার স্বামী, অভিনেতা শরিফুল রাজ।
কিন্তু যার আসার জন্য পরীমণি ও রাজের এত আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এবার তথ্যটা জানিয়েই দিলেন পরী। আগামী ২৮ আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসতে পারে।
গত মঙ্গলবার (২ আগস্ট) রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। সন্তান প্রসবের আগে নিয়মিত চেকআপের জন্যই যাওয়া। তখন চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে।
এ বিষয়ে পরীমনি বলেন, ‘২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ডাক্তার।’
নতুন অতিথিকে বরণ করতে পরীমনির শাশুড়ি, খালাসহ অনেকেই এখন তার বাসায় অবস্থান করছেন। এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের ব্যস্ত থাকলেও পরীমনিকে ঠিকই সময় দিচ্ছেন রাজ।
এ বিষয়ে পরীমনি বলেন— ‘সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে রাজ। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। দারুণ সময় পার করছি।’
বলে রাখা ভালো, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। ঘটনাটি ২০২১ সালের। একই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি জানিয়েছেন পরীমণি। একই সঙ্গে অন্তঃসত্ত্বার বিষয়টিও জানান তারা।
