ছেলের সিনেমা দেখে কাঁদলেন শরিফুল রাজের মা

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।

আলোচনার কেন্দ্রে এসেছেন সিনেমাটির নায়ক শরিফুল রাজ; দর্শক প্রশংসায় মেতেছেন এই চিত্রনায়কের অভিনয়ের।

সোমবার (০১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় ‘পরাণ’ সিনেমা দেখেছেন সিনেমাটির নায়ক শরিফুল রাজের মা। পর্দায় ছেলের অভিনয়ে যেমন মুগ্ধ হয়েছেন জাহানারা বেগম, ঠিক তেমনই গল্পে আবেগী হয়েছেন।

সিনেমাটির প্রদর্শনী শেষে দর্শক যখন শরিফুল রাজের সঙ্গে ছবি তোলার আবদারে ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল কান্নায় চোখ ভেজা জাহানারা বেগমের। এ সময় রাজ মাকে জড়িয়ে ধরেন আর কান্নার কারণ জানতে চান। সেই প্রশ্নের উত্তরে ছেলেকে শুধু চুমুতে ভরিয়েছেন তিনি।

মায়ের এমন আদরে বেশ আবেগী হয়েছেন শরিফুল রাজও। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নায়ক বলছিলেন, ‘আমি ঘোরের মধ্যে আছি মায়ের এমন আদরে। আম্মুর আমার সিনেমা ভালো লেগেছে, এটাই বড় কথা। আম্মু গল্পের কারণে বেশ আবেগী হয়ে গিয়েছিলেন।’

এই সময় সিনেমা হলে দেখা যায় সিনেমাটির পরিচালক রায়হান রাফির আব্বা-আম্মাকেও।

উল্লেখ্য, স্বল্প বাজেটের ‘পরাণ’ সিনেমাটি ঈদুল আজহায় মাত্র ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই সিনেমাটি দর্শক মহলে সাড়া জাগায়। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হয় দর্শকদের। বাধ্য হয়ে সিনেপ্লেক্স শো সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ১৮ শো করে। দ্বিতীয় সপ্তাহে এসে এর হল সংখ্যা এক লাফে দাঁড়ায় ৫৫টি। তৃতীয় সপ্তাহে এসে হল সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি। যা চতুর্থ সপ্তাহেও চলছে। বাংলা চলচ্চিত্রের জন্য ‘পরাণ’ সুবাতাস তাতে কোনো সন্দেহ নেই।

‘পরাণ’ সিনেমার প্রযোজক তামজিদ অতুল। সিনেমাটির সাফল্যে আনন্দিত তিনি। অতুল জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে যে দর্শক সাড়া পাওয়া যাচ্ছে, এতে সিনেমাটি হলে আরও অনেক দিন প্রদর্শিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *